নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় লাইসেন্স নবায়ন না করেই এবং অনুমোদন ছাড়াই চলছে ১৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের হালনাগাদ তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। সিভিল সার্জন কার্যালয় থেকে কঠোর নির্দেশনা জারি করা হলেও স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় চরম ঝুঁকিতে পড়েছে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা।
সিভিল সার্জন কার্যালয়ের সরবরাহ করা তালিকা অনুযায়ী, আড়াইহাজার উপজেলায় ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত রয়েছে। তবে এর মধ্যে ১৩টি হাসপাতালের লাইসেন্সের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে এবং ১টি হাসপাতাল কোনো ধরনের অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, লাইসেন্স নবায়ন না করে মেয়াদোত্তীর্ণ অবস্থায় চলা ১৩টি প্রতিষ্ঠান হলো- আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার (সর্বশেষ নবায়ন ২০২০-২০২১), মা ও শিশু হসপিটাল (২০২১-২০২২), হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল (২০২২-২০২৩), জনসেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব (২০২২-২০২৩), এ টু জেড ডিজিটাল হাসপাতাল (২০২৩-২০২৪), সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২০২৪), ফয়সাল হসপিটাল (২০২৩-২০২৪), নুরজাহান হাসপাতাল (২০২৩-২০২৪), পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২০২৪), কনফিডেন্ট মেডিকেল সেন্টার (২০২৩-২০২৪), প্রবাসী হাসপাতাল (২০২৪-২০২৫), ফিয়ার্স আই হাসপাতাল (২০২৪-২০২৫) এবং পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (২০২৫-২০২৬)।
অন্যদিকে, সিভিল সার্জন কার্যালয়ের তালিকার বাইরে থাকা আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত ‘প্রবাসী কল্যাণ হাসপাতাল’-এর কোনো লাইসেন্স বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। অনুমোদনহীন এই হাসপাতালটির বিরুদ্ধে সম্প্রতি চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় ও সঠিক চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। পরবর্তীতে ৩ লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে, চলতি বছরের ২৬ অক্টোবর নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক পরিচালনা করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আরিফুল ইসলাম বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রমের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রতিটি প্রতিষ্ঠান পরিদর্শন করে সরকারি বিধিবিধান প্রতিপালন ও স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেন, জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি-বিধান মেনে চলতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ থাকলে কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে কাগজপত্র হালনাগাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য, আইনবহির্ভূত কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ দেওয়া হবে না।