প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ৪:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৪:৪২ পি.এম
নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধ, চার ঘণ্টা অবরোধের পর স্বাভাবিক যান চলাচল
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষোভের একপর্যায়ে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনাও ঘটে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নেন তারা। এতে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর আগে সকাল থেকে সদর উপজেলার কুতুবাইল কাঠেরপুল এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে লিংক রোডের শিবু মার্কেট এলাকায় গিয়ে সড়ক আটকে দেন তারা। এ সময় কিছু শ্রমিকের হাতে লাঠি দেখা যায়। মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন ও আজাদ-রিফাত ফাইবার্সের শ্রমিকেরা আন্দোলনে অংশ নেন বলে জানা গেছে।
অবরোধে প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
সোমবার বিকেল পাঁচটার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বিক্ষোভকারী শ্রমিকদের ভাষ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাদের আয় সেই তুলনায় বাড়েনি। বর্তমান মজুরিতে পরিবার নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তারা রাস্তায় নেমেছেন।
আন্দোলনরত এক শ্রমিক নিজের আর্থিক সংকটের কথা তুলে ধরে জানান, তাঁর মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা। এর মধ্যে বাসাভাড়া বাবদ দিতে হয় সাড়ে পাঁচ হাজার টাকা। এক মাসের বাজার খরচ প্রায় ১০ হাজার টাকা। এমনকি চিকিৎসার একটি পরীক্ষা করাতেও পাঁচ হাজার টাকা ব্যয় হয়। এত কম আয়ে সংসারের অন্যান্য খরচ মেটানো কঠিন উল্লেখ করে তিনি বলেন, তাঁদের একটাই দাবি—ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে অবরোধ করেন। এতে যান চলাচল বিঘ্নিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করেছে। এ সময় পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। সড়কে পুলিশের সাঁজোয়া যান ও জলকামানের গাড়িও প্রস্তুত রাখা হয়েছিল। বিকেল পাঁচটার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে অবরোধের অবসান ঘটে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.