প্রচ্ছদ

সোনারগাঁওয়ে খেলার মাঠ রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁও নিউজ ১৬ অক্টোবর ২০২৬ , ১:১৮ পিএম প্রিন্ট সংস্করণ

oplus_2

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের পানাম গাবতলী এলাকায় খেলার মাঠ রক্ষা ও  স্থানীয় যুবকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার পানাম গাবতলী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মসজিদের মুসল্লীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পানাম গাবতলী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাজী আক্রম আলী বেপারী, গ্রামবাসী শাহ আলম মিয়া, আবদুল গণি, কামরুল ইসলাম, হারুন অর রশিদ আপন প্রমুখ।

oplus_1026

স্থানীয়রা জানান, বৈদ্যোরবাজার ইউনিয়নের পানাম গাবতলীর খেলার মাঠটি হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি। প্রায় ৪০ বছর আগে জায়গার মালিক মনু চন্দ্র দাস মারা যাওয়ার পর থেকে জমিটি খেলার মাঠ ও সামাজিক আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়। এ মাঠের জায়গাসহ তিন একর সম্পত্তি বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি চক্র জাল জালিয়াতির মাধ্যমে জমি বিক্রি করে দেন। সম্প্রতি ১৭ শতাংশ জমি ক্রয় করে মাসুদা ইসলাম নামের এক নারী। ওই নারী জমি ক্রয়ের পর জমিতে গেলে এ জমি জাল জালিয়াতির মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে স্থানীয় কয়েকজন যুবক দখলে বাধা দেন। এসময় জমিটি স্থানীয় শিশু কিশোর খেলার মাঠ হিসেবে ব্যবহার করে বলে জানিয়েছেন। এ ঘটনায় মাসুদা ইসলাম গত ১৩ অক্টোবর ৯জনকে আসামী করে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা বলেন, পানাম গাবতলীর এ মাঠ স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ। মাঠটি ঘিরে বিরোধের কারণে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মানববন্ধনের বক্তারা আরো বলেন, মিথ্যা মামলায় নিরপরাধ মানুষ হয়রানি করা হচ্ছে। পাশাপাশি সম্পদের  প্রকৃত মালিকানা যাচাই করে নিরপেক্ষ তদন্ত এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।