প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৫:০৪ পি.এম
সোনারগাঁওয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে ট্রাক চালক নিহত, আহত হেলপার
নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাস্তা ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়েছে। এতে ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের হেলপার। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে স্কয়ার নীট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম মো. ইসমাইল (৪০)। আহত হেলপারের নাম রায়হান হোসেন (২০)।
তাঁরা দুজনই ফরিদপুর জেলার কোতোয়ালি থানার হারুকান্দি গ্রামের বাসিন্দা।
আহত রায়হানকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা রোববার রাত ৯ টায় দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী হানিফ জানান, রূপগঞ্জের গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফেরার পথে তিনি সড়কে একটি কাভার্ডভ্যানকে ট্রাকের ওপর উল্টে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, কাভার্ডভ্যানটি এঁকেবেঁকে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির ওপর উল্টে পড়ে। এতে ট্রাক চালক নিহত হন এবং হেলপার আহত হন। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। সড়কে তীব্র যানজট থাকায় আপাতত এর চেয়ে বেশি তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করে। রাত সাড়ে ৯ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.