নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি যাত্রীবাহী বাস ও খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় ট্রাকে ও সকাল সোয়া নয়টায় উপজেলার কাঁচপুর সেতুর ঢালু এলাকায় বাসে এ ঘটনা ঘটে। আগুনে দুটি যানবাহনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনে গাড়িটির ক্ষতি হলেও অল্পের জন্য বাস যাত্রীরা রক্ষা পায়। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে সোনারগাঁওয়ের মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছে খড় আনলোডের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়ায়। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন। পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, কিছুক্ষণ আগে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় চালক ট্রাকটি রক্ষা করতে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়।
অপর দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুরে মামা ভাগিনা পরিবহনের (পাহাড়িকা) একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ায় কোনো হতাহত হয়নি। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর সেতুর ঢালু এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, মামা ভাগিনা পরিবহনের (পাহাড়িকা) একটি বাস ( ঢাকা মেট্রো-জ -১৪-২৬০০) রাজধানীর সায়েদাবাদ থেকে গৌরীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কাঁচপুর সেতুর ঢালু এলাকায় বাসটি থামিয়ে যাত্রী তোলার সময় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে রেকারের সাহায্যে পুড়ে যাওয়া বাসটি সরিয়ে নেওয়া হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি জুয়েল রানা সোনারগাঁও নিউজকে বলেন, যাত্রীবাহী বাস ও খড় বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কোনো যাত্রী ও চালক হেলপারের ক্ষতি হয়নি। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরানো হয়। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।