প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১১:৩৮ এ.এম
সোনারগাঁওয়ে মাদক বিক্রির সময় নগদ টাকা, প্রাইভেটকার, মাদকসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকদ্রব্য বিক্রির সময় বিপুল পরিমাণ নগদ টাকা, প্রাইভেটকার ও মাদকসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে অভিযান চালিয়ে সোনারগাঁও থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
- গ্রেফতারকৃতরা হলেন ইব্রাহীম (৩৪), মোঃ রাজু (৩৫), মোঃ আলম হোসেন (৩৪), মোঃ নাসিম (৩৮) ও শহিদুল ইসলাম (৩৮)। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও বন্দর উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ তাদের কাছ থেকে ৫ বোতল ম্যাকড্রিল, ২ ক্যান বিদেশি বিয়ার, ১টি প্রাইভেটকার এবং নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। শুক্রবার গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।
সোনারগাঁও থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামে রাস্তার মাদক কেনাবেচা করছে এমন অভিযোগে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আসামিদের হেফাজতে থাকা একটি কফি রঙের রেক্সিনের ব্যাগ থেকে নগদ ৫,৬৯,৫০০ টাকা, ৫ বোতল ম্যাকড্রিল, ২ ক্যান ‘ম্যাক্সিমাস এক্স-স্ট্রং’ বিয়ার এবং অপরাধে ব্যবহৃত ২০১৫ মডেলের সাদা রঙের একটি হোন্ডা প্রাইভেটকার জব্দ করা হয়।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারেক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.