প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৮:০৮ পি.এম
সোনারগাঁওয়ে যুবদল নেতা জহিরুল হত্যা মামলার এজহারভূক্ত আসামি কক্সবাজারে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর যুবদল নেত ফকির জহিরুল হত্যা মামলার এজাহারভূক্ত তিন নম্বর আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।
সোমবার সকালে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় এসআরবি-১১ ও ১৫ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে। পরে রাতে তাকে সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেপ্তারকৃত কবির হোসেন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
জানা যায়, আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলাম আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। প্রার্থী থেকে সরে যাওয়ার জন্য প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময়ে তাকে হুমকি দিয়ে আসছেন। গত ২১ অক্টোবর বুধবার রাত ১০টার দিকে যুবদল নেতা ফকির জহিরুল ইসলাম ওষুধের ফার্মেসীর দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিজভীর নেতৃত্বে তার বাবা কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হায়াতুজ্জামান পিয়ার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেসহ ২০-২৫ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পথ আটকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনদিন পর গত শনিবার সন্ধ্যায় নিহতের ভাগিনা ইসমাঈল হোসেন বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামী করে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার এজাহারভূক্ত তিন নম্বর আসামি কবির হোসেনের অবস্থান শনাক্ত করে এসআরবি-১১। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টার দিকে এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ আভিযানে কক্সবাজার সদর থানার কলাতলী বিচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কবির হোসেন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, যুবদল নেতা হত্যাকান্ডের এজহারভূক্ত আসামীকে গ্রেপ্তারের পর এসআরবির সদস্যরা রাতে থানায় হস্তান্তর করেছেন। মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.