নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া এলাকায় স্কুল, মসজিদ, ঈদগাহ ও কবরস্থানর পাশে ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার সকালে রাইজদিয়া ঈদগাহের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় রাইজদিয়া গ্রামের নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি রাইজদিয়া ঈদগাহের সামনে থেকে শুরু হয়ে প্রাইমারী স্কুলে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, রাইজদিয়া মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশনের মডেল স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক কামাল হোসেন, ব্যবসায়ী মুজিবুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পৌর এলাকার ময়লা আবর্জনা ফেলার জন্য ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য রাইজদিয়া এলাকাকে বেছে নেয় পৌর কর্তৃপক্ষ। তবে এখানে তিনটি সামাজিক প্রতিষ্ঠান ও একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের পাশে ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের সিদ্ধান্ত এলাকাবাসীর জন্য উদ্বেগজনক। এতে দুর্গন্ধ,পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাভাবিক পরিবেশে পড়াশোনার বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি।
বক্তারা আরো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন হলেও তা জনবসতি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে হওয়া উচিত নয়। এলাকার মানুষের দূর্ভোগের কথা বিবেচনা করে ডাম্পিং স্টেশন নির্মাণের স্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা।পৌর কর্তৃপক্ষের প্রতি দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে উপযোগী স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সোনারগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ আলম জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সরকারী জমিতে ডাম্পিং স্টেশন করা হচ্ছে। সরকারী সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নাই। দীর্ঘদিন ধরে হাজার হাজার মানুষ বর্জ্য নিয়ে ভোগান্তিতে রয়েছেন। এ ভোগান্তি দূর করার জন্য এ ডাম্পিং স্টেশন নির্মাণ জরুরি।
তিনি আরো বলেন, যারা মানববন্ধনের আয়োজক তারা গ্রামবাসীকে ভুল ব্যাখ্যা দিয়ে মানবন্ধনে এনেছেন। ঈদগাহ ও মসজিদ ও স্কুলের বিষয় নয়, সরকারী ৫০ শতাংশ জমি আগে যারা ভোগ দখল করেছে তারা মানুষকে ভুল বুঝাচ্ছেন। তাছাড়া প্রক্রিয়াজাত করে জৈব সার থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থপনা করা হবে।