৬ মাসে আমরা ১৬ বছরের চেয়েও দ্বিগুণ কাজ পাস করিয়ে এনেছি – এমপি আজহারুল ইসলাম মান্নান
সোনারগাঁও নিউজ
১২ অক্টোবর ২০২৬ , ৪:৫৮ পিএম
প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিগত ১৬ বছরে সোনারগাঁওয়ে আওয়ামী লীগ কী উন্নয়ন কাজ করেছে তা আপনারাই দেখেছেন। বিএনপি সরকার গঠনের মাত্র ৬ মাসে আমরা তাদের ১৬ বছরের চেয়েও দ্বিগুণ কাজ পাস করিয়ে এনেছি।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) যাওয়ার প্রধান সড়কটির পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি দেশবাসীকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী যেন সুস্থ ও দীর্ঘায়ু থাকেন আপনারা সেই দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে ঈশা খাঁর ঐতিহাসিক সোনারগাঁও তার হারানো অতীত ঐতিহ্য ও ঐতিহ্যবাহী সুনাম পুনরায় ফিরে পাবে।জাদুঘরের এই সড়কটি পুনর্নির্মাণ করা সোনারগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। দেশ-বিদেশের বিপুল সংখ্যক পর্যটক এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যানবাহন প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে। সার্বিক বিষয় বিবেচনায় রেখে বেসরকারি আর্থিক সহযোগিতায় এটি পুনর্নির্মাণ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করতে তিনি স্থানীয় সবার সহযোগিতা কামনা করেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, কে.এম রাফসান, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু , সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু, নুর-এ ইয়াসিন নোবেল,রাকিব হাসানসহ পৌরসভা কার্যালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ।
উল্লেখ্য, আনুমানিক ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এসিআই হেলথকেয়ার লি., আমান গ্রুপ, আল মোস্তফা গ্রুপ এবং মাস ফিড লি.-এর যৌথ আর্থিক ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ এই সড়কটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে।