নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মারীখালী নদী থেকে ভাসমান অবস্থায় হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে উদ্ধার হওয়া ওই নারীর নাম পরিচয় জানা যায় নি। ওই নারীর বযস প্রায় ৩৪/৩৫ বছর। তার পরিচয় পেতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।
বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান সোনারগাঁও নিউজকে জানান, বুধবার দুপুরে উপজেলার জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
তিনি আরও জানান, ওই নারীর মরদেহটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যা করে এখানে মরদেহটি বেঁধে রেখে যায়। তার পরিচয় পেতে চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত দিন