প্রচ্ছদ

সোনারগাঁওয়ে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

সোনারগাঁও নিউজ ২৫ নভেম্বর ২০২৬ , ১১:২৭ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কের ফ্লাইওভার নির্মানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী।

বুধবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে।

মানববন্ধনে নয়াপুর বাজার সম্মেলনের মাঠ থেকে কনফিডেন্স কারখানা পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের দাবি করা হয়।  মানববন্ধনে ওই এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোত মিছিল কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি নয়াপুর বাজার থেকে শুরু হয়ে কনফিন্ডেন্স কারখানার সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়েত নেতা ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি সেলিম সরকার,সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কাউসার, বাবুল মাষ্টার প্রমূখ।

মানববন্ধনে বক্তাদের অভিযোগ, এশিয়ান হাইওয়ে সড়কের নয়াপুর বাজার অংশে বর্তমানে যে আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে তা অত্যন্ত সরু, নিচু ও অপরিকল্পিত। এ আন্ডারপাস দিয়ে মানুষ ও যানবাহন চলাচলের জন্য উপযুক্ত নয়। এ অপরিকল্পিত আন্ডারপাস দিয়ে ভারী যানবাহনসহ রিকশা বা অটোরিকশা চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। ফলে বাজার কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য স্থবির হওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগের আশঙ্কা বাড়বে।
অবিলম্বে নির্মাণাধীন ছোট আন্ডারপাসটির নকশা পরিবর্তন করে সেখানে একটি আধুনিক ও প্রশস্ত ফ্লাইওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন বক্তারা ।

এলাকাবাসীর দাবি, জনস্বার্থ বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন। এতে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে।