প্রচ্ছদ

জামপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার অভিযোগ

সোনারগাঁও নিউজ ৯ জানুয়ারী ২০২৩ , ১২:১২ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, জামপুর :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের বড় মাঝের চর এলাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে ১৫টি মেহগনি গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার দুপুরে এমদাদুল হক ভূঁইয়া বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। রোববার সকালে ওই এলাকার প্রভাবশালী মো. হিরু মিয়াসহ তার সহযোগীরা গাছগুলো কেটে নিয়েছে বলে অভিযোগ উঠে।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বড় মাঝের চর এলাকায় অভিযোগের বাদি এমদাদুল হক ভূঁইয়ার ভাবি সুফিয়া বেগম সাড়ে ১৮ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছেন। জমি ক্রয়ের পর থেকে সুফিয়া বেগমের সাথে ওই এলাকার প্রভাবশালী মো. হিরু মিয়া, বেনু মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে গত রোববার সকালে তাদের জমিতে থাকা ১৫টি বড় মেহগনি গাছ জোরপূর্বক কেটে বিক্রি করে দেয়। এ ঘটনায় এমদাদুল হক ভূঁইয়া বাদি হয়ে সোমবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত মো. হিরু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেহগনি গাছগুলো আমাদের সীমানার ভেতরে ছিল। গাছগুলো আমাদের। তাই গাছগুলো কেটে বিক্রি করেছি।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসানউল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।