রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে চলন্ত ট্রেনের নিচে পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রেন স্টেশনের দিকে এগিয়ে আসার সময় ওই নারী দুর্ঘটনার শিকার হন। তবে তিনি কীভাবে ট্রেনের নিচে পড়েছেন, তা নিয়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
স্টেশনে ঝালমুড়ি বিক্রি করা সেন্টু জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের আগেই ওই নারী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি রেললাইনে পড়ে যান এবং ট্রেনের নিচে চলে যান।
তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান। তিনি বলেন, ঘটনাটি নিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে একাধিক ধরনের তথ্য পাওয়া গেছে। কারও বক্তব্য অনুযায়ী, ওই নারী রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে যান। আবার কেউ জানিয়েছেন, ট্রেনে ওঠার চেষ্টা করার সময় তিনি পড়ে যান।
কামরুল ইসলাম খান বলেন, ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত নারীর সঙ্গে পরিচয় শনাক্তের মতো কোনো তথ্য পাওয়া যায়নি। তার পরিচয় জানার জন্য রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে চাষাঢ়া রেলস্টেশন এলাকায় কিছু সময়ের জন্য স্থানীয়দের মধ্যে ভিড় তৈরি হয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহতের পরিচয় নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ স্থানীয়ভাবে তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় অনুসন্ধান চালাচ্ছে।
আপনার মতামত দিন