শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক যুবককে অপহরণের অভিযোগে দেশীয় তৈরি পিস্তল ও গুলিসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় আরব আমিরাত মবিল কোম্পানির বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কোবাগা গ্রামের আজিজুল হকের ছেলে রোহান(২৫) ও একই এলাকার জাফর মিয়ার ছেলে সবুজ (২৮)। এ সময় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মধুপুর ভট গ্রামের একে সাদিকুল ইসলামের ছেলে অহৃত যুবক সামিন ইসলামকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শনিবার সকালে তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) মোয়াজ্জেম হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এক যুবককে শুক্রবার রাতে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। এসময় পুলিশ খবর পেয়ে সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহর নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রোহান ও সবুজ নামের দুই অপহরণকারীকে একটি এক নালা দেশীয় তৈরি পিস্তল ও দুটি গুলিসহ আটক করে। বাকিরা পালিয়ে যায়। অপহরণকারীদের দেওয়া তথ্যে অপহৃত যুবক সামিনকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করে।
সোনারগাঁও থানার ওসি মহিববুল্লাহ জানান, অপহরণের অভিযোগে দুই অপহরণকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। অপহরণে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত দিন