প্রচ্ছদ

সোনারগাঁওয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ শুরু 

সোনারগাঁও নিউজ ১০ অক্টোবর ২০২৬ , ৪:০২ পিএম প্রিন্ট সংস্করণ

 

​নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁও ও বন্দর উপজেলায় সুনির্দিষ্ট ও সঠিক তথ্যভিত্তিক ‘ফ্যামিলি কার্ড’ প্রস্তুতের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

​সোনারগাঁও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবীর। এতে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১৫ জন এবং বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ১৫ জনসহ মোট ৩০ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার অংশ নেন।

​প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস বলেন, প্রকৃত অসচ্ছল ও যোগ্য পরিবারগুলোর কাছে সরকারি সেবাসমূহ পৌঁছে দিতে ফ্যামিলি কার্ডের নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহকারীরাই এই কার্যক্রমের মূল কারিগর। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সঠিকতা নিশ্চিত করতে হবে, যাতে কোনো যোগ্য পরিবার তালিকা থেকে বাদ না পড়ে এবং কোনো ধরনের ভুয়া তথ্য অন্তর্ভুক্ত হতে না পারে। এ কার্যক্রমকে সফল করতে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

​দিনব্যাপী এ প্রশিক্ষণে তথ্য সংগ্রহের সঠিক নিয়মাবলী, মাঠপর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে তথ্যের সমন্বয় এবং কার্ড বিতরণের কারিগরি ও আইনি বিষয়সমূহ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহকারীরা মাঠপর্যায়ে আরও দক্ষ ও স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য হালনাগাদের কাজ সম্পন্ন করতে পারবেন।