অপরাধ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সোনারগাঁও নিউজ ১৫ অক্টোবর ২০২৬ , ৫:২০ পিএম প্রিন্ট সংস্করণ

​নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অষ্টম দিনে মেঘনা নদী থেকে ১ লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে যৌথ অভিযানকারী দল। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীতে এ ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান পরিচালনা করা হয়।
​সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
​প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় সরকারের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীতে দিনভর টহল দেওয়া হয়। এ সময় নদীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। পরে অভিযান শেষে নদীর পাড়ে এনে ১ লাখ ২৫ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানের এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।
​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং কোনো মামলা দায়ের করা হয়নি। মা ইলিশ রক্ষায় এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।