রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দলীয় প্রভাব খাটিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অপ প্রচার বলে দাবি তুলে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকেলে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় সাদিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূইয়া সংবাদ সম্মেলন করে এ দাবি তোলেন।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন শাহজাহান ভূইয়া। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা শাহাজাহান ভূঁইয়া তার লিখিত বক্তব্যে দাবী করেন গত মঙ্গলবার দুপুরে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপজেলার সাদীপুরের ফায়েজা বেগম ও ওসমান উদ্দিন উল্লেখ করেন তাদের জমি দলীয় প্রভাব খাটিয়ে আমি জোরপূর্বক দখল করে নিয়েছি। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারনে আওয়ামীলীগের আমলে তারা আমার উপর অনেক অত্যাচার করেছে। আমি তাদের বিরুদ্ধে একাধিকবার সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোন প্রতিকার পাইনি। আদালতের রায় পেয়েও আমার জমিতে আমি যেতে পারিনি। আদালত তাদের জমিতে যেতে নিষেধাজ্ঞা দিলেও উল্টো তারা আমার বিরুদ্ধে জমি দখল ও মাদক ব্যবসার মতো মিথ্যে অভিযোগ এনে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করিয়েছে। তিনি বলেন, কাগজে কলমে আমি জমি না পেলে কখনোই নিজের জমি বলে দাবী করতাম না। তারা যদি জমির মালিকানার কাগজেপত্রে কোন প্রমান দেখাতে পারে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে যে শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব। আমার কাছে আমার জমির মালিকানার সকল কাগজ পত্র রয়েছে। আমার বিরুদ্ধে জমি দখলের যেই অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।
আপনার মতামত দিন