বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামীলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সোনারগাঁও থানা পুলিশ কাঁচপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃতরা হলেন কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, কাঁচপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম, যুবলীগের সদস্য আফজাল, যুগ্ম সাধারণ সম্পাদক নুরু উদ্দিন ওরফে সাধু, আওয়ামী লীগ কর্মী মোফাজ্জল।
গত ৪ আগস্ট নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সমর্থিত নেতা-কর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষে মোঃ আশিক মিয়া (২০) নামে একজন ছাত্রের মৃত্যু হয়েছে। সংঘর্ষের ঘটনায় আশিকের স্বজনরা বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পন্ড করার জন্য যুবলীগ, আওয়ামীলীগের নেতাকর্মীরা এক জোট হয়ে গত ৪ আগষ্ট আগ্নেয়ান্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল ও লাঠিসোটা নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুরে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এলোপাথাড়ি ইট-পাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণে ছাত্র আশিক মিয়াসহ ১৫-২০ জন আহত হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আশিককে বারাকাহ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৫ আগস্ট সকাল ১০টা ৭ মিনিটে আশিক মারা যায়। এ ঘটনায় সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত দিন