নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও – সিদ্দিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন,
নির্বাচিত হলে সোনারগাঁওকে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলবো।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার, সনমান্দি ও পৌরসভা এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, ৫ আগস্টের পর যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা মূলত সন্ত্রাস, চাঁদাবাজি ও নারীদের হেনস্তাকারীদের বিরুদ্ধে। এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। যদি এই আসনে বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে মাদক কারবারি, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের আর কোনো ঠাঁই হবে না।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সোনারগাঁওয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং কর্মক্ষেত্রে নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ সৃষ্টি করা হবে। সাধারণ মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।
গণসংযোগকালে এসময় উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল সরকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর- রশিদ মিঠু, যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোহেল রানা, সোহাগ ভূঁইয়া, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার সমর্থকবৃন্দ।
পথসভা ও গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীকের পক্ষে বাড়তে থাকা জনসমর্থনের প্রতিফলন বলে মনে করছেন নেতাকর্মীরা।
আপনার মতামত দিন