নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টায় মহাসড়কের মোগরাপাড়া ছোট সাদিপুর এলাকার একটি ঝোপের ভেতর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারীর আনুমানিক ৩০ বছর হবে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে ঝোপের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মরদেহটি মহাসড়কে পাওয়া গেলেও ভিন্ন ঘটনায় হওয়ায় সোনারগাঁও থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, ধারণা করছি কেউ মরদেহটি মহাসড়কের পাশে ফেলে গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। নারীর পরিচয় পাওয়া যায় নি। পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
আপনার মতামত দিন