নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মাদকমুক্ত সোনারগাঁও বিনির্মানে জনসচেতনতার গুরুত্ব শীর্ষক এক মতবিনিময় সভা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী স্কুল মাঠে ওয়ান আমব্রেলা সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাউসার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।
সভায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর-এ ইয়াসিন নোবেল, বিএনপি নেতা সেলিম হোসেন দিপু,আতাউর রহমান,করিম রহমান, মতিউর রহমানসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজিব মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমাদের যুবসমাজ এখন ভালো নেই। তারা এখন বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে। দয়া করে সকল পিতা-মাতা ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলবো। আপনারা আপনাদের সন্তানদের নিয়ে রাতে অন্তত একবেলা ভাত এক সাথে খান। এতে অন্তত আপনারা জানতে ও বুঝতে পারবেন আপনার সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে? পুলিশ প্রশাসন একা কখনো মাদক নির্মুল করতে পারবে না। যদি পরিবার থেকে সচেতন না করে। তাই সকল অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আপনাদের সন্তান কিংবা ভাই কি করে একটু খোঁজ খবর নেন। আমি খাইরুল ইসলাম সজিব ও আমার যুবদল সোনারগাঁও থেকে মাদক নির্মুলের জন্য যা করা প্রয়োজন জীবনবাজি রেখে হলেও করবো,ইনশাআল্লাহ।
আপনার মতামত দিন