নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আগুনে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও বাজারের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে আগুন নিভাতে গিয়ে ৫ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান , উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও বাজারের পাশে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় আলী হোসেনের একটি দোকানে হঠাৎ আগুন ধরে। পরে একে একে আরো কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দোকানগুলোতে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত ছিল। ফলে সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আগুনে আলী হোসেন, মোতালেবের দোকান, মিলনের সেলুন, আকতার হোসেন,আমির আলীর পিঠা ঘরসহ ১০টি দোকান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, তারা রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে আগুনের খবর পেয়ে দোকানে এসে দেখেন দোকানগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সাংসদ এর নির্দেশে বুধবার সোনারগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ ঘোষ ও সাংসদ এর এপিএস সেলিম হোসেন দিপু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দোকানদারদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।
আপনার মতামত দিন