শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আজ রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন। এ প্রথম সোনারগাঁওয়ে আসছেন তারেক রহমান। তারেক রহমানের আগমনকে ঘিরে কাঁচপুর এলাকায় চলছে ব্যাপক আয়োজন। আজ রোববার রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে তিনি সোনারগাঁওয়ের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত পথসভায় যোগ দেবেন। তারেক রহমানের আগমনে সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের আয়োজনে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এ পথসভায় জেলার ৫ টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। সভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দলীয় সূত্র জানায়, এই প্রথমবারের মতো বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান সোনারগাঁওয়ের মাটিতে পা রাখছেন। এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি উত্তেজনা ও আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। সভাকে জনসভায় রূপ দিতে কাঁচপুর বালুর মাঠে দ্রুতগতিতে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতির কাজ প্রায় শেষ।
শনিবার দুপুরে সভাস্থলে মঞ্চ প্রস্তুতির কাজ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। এ সময় তার সঙ্গে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে আজহারুল ইসলাম মান্নান বলেন, তারেক রহমানের আগমন সোনারগাঁওসহ পুরো নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। এই পথসভা আমাদের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। নেতাকর্মীরা তারেক রহমানের কাছ থেকে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন পরিচালনার জন্য স্পষ্ট দিকনির্দেশনা পাবেন এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, এই সভা প্রমাণ করবে যে, বিএনপি এখন ঐক্যবদ্ধ ও সংগঠিত। জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সোনারগাঁওয়ের মানুষ রাজপথে থাকবে।
সভাকে সফল করতে দলীয় নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। প্রত্যাশা করা হচ্ছে, এ পথসভা সোনারগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
আপনার মতামত দিন