নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ ও জাতীয় পার্টি নেতার মধ্যে হাতাহাতির ঘটনায় দুই নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় দরপত এলাকায় হাতাহাতির ঘটনার পর তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সোনারগাঁও পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ ও পৌরসভা জাতীয় পার্টির সহ সভাপতি শাহ জালাল। শাহজালাল সোনারগাঁও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে তারা উভয়েই নিজ দলের প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠে সক্রিয় রয়েছেন। শনিবার রাত ১১ টার পর্যন্ত তাদের থানা হাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানা পুলিশ। এদিকে দুই নেতাকে আটকের খবরে রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা প্রাঙ্গণে ভীড় করেন। রাত ১১ টা পর্যন্ত থানার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনারগাঁওয়ে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে গণসংযোগ করতে তাঁর স্ত্রী ডালিয়া লিয়াকতের দরপত এলাকায় যাওয়ার কথা ছিল। এ উপলক্ষে শাহজালাল সেখানে তার লোকজন নিয়ে অবস্থান নেন। এসময় যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ নৌকার প্রচারণা করতে সেখানে গেলে ওই এলাকার অবৈধ গ্যাস সংযোগ নিয়ে শাহজালালের সঙ্গে তর্কবিতর্ক এবং হাতাহাতির ঘটনা ঘটে। এসময় টহল পুলিশ তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, অবৈধ গ্যাস সংযোগ দেয়াকে কেন্দ্র করে আসাদ ও শাহজালালের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শাহজালাল মোটা অংকের টাকার বিনিময়ে দরপত এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়। কয়েকমাস আগে তিতাস গ্যাসের লোকজন এসে অবৈধ ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। দীর্ঘ এক মাস বৈধ গ্যাস সংযোগসহ ওই এলাকার গ্যাস বিচ্ছিন্ন করে রাখে। পরে আসাদুল ইসলাম আসাদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার হবে না বলে প্রতিশ্রুতি দিয়ে পুনরায় ওই এলাকার গ্যাস সংযোগ সচল করেন। নির্বাচনকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় কাউন্সিলর আবারো অবৈধ সংযোগ দেয়ার চেষ্টা করেন। আসাদ এতে বাধা দেওয়ার কারণে তাদের দুই জনের মধ্যে হাতাহাতি হয়।
জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার নির্বাচন সমন্বয়কারী মাহমুদুল আনোয়ার বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা দেয়াকে কেন্দ্র করে হাতাহাতি হয়। জাতীয় পার্টির প্রার্থীর স্ত্রী ডালিয়া লিয়াকতের দরপত এলাকায় যাওয়ার কথা ছিল। শাহজালাল সেখানে লোকজন নিয়ে অবস্থান নেন। তিনি স্থানীয় লোকজনকে আশ্বাস দেন এবারের নির্বাচনে লিয়াকত হোসেন খোকা জয়ী হলে দরপত এলাকায় বৈধ গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। সেখানে থাকা আসাদুল তখন শাহজালালকে উদ্দেশ্য করে কটুক্তি করেন। এনিয়ে উভয়ের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এবিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জনিয়েছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন বলেন, হাতাহাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। তাদের থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত দিন