সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকালে ফাউন্ডেশনের অভ্যান্তরে আনন্দ শোভা যাত্রা ও লালন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই প্রথম বারের মতো সোনারগাঁওয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকায় পালন করা হয়েছিল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পুরো এলাকা সুসুজ্জিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের কনিষ্ঠ পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন, সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু, সোনারগাঁও জাদুঘরের উপপরিচালক একেএম আজাদ সরকার, সংরক্ষণ কর্মকর্তা একে এম মুজ্জাম্মিল হক প্রমুখ।
এসময় ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান বলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দেশের লোকজ ঐতিহ্য লালন ও বিকাশের তীর্থভূমি হিসেবে পরিচিত। এটি সোনারগাঁও জাদুঘর নামে সকলেই চেনেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এদেশের ইতিহাস-ঐতিহ্য, লোক সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও এবিষয়ে গবেষণায় নিয়োজিত একটি জাতীয় প্রতিষ্ঠান।
তিনি আরো বলেন, লোক সাংস্কৃতিক ঐতিহ্যের পটভূমিতে লোক ও কারুশিল্পের নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য এদেশের মাটি ও মানুষের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ঐকান্তিক প্রচেষ্টায় এ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় ১৯৭৫ সালের ১২ মার্চ এক প্রজ্ঞাপন বলে সরকার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। একটি দেশের প্রতিচ্ছবি তথা জাতীয় গৌরবের প্রতীক জাদুঘর।
আনন্দ শোভায়াত্রাটি লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করেন।
আপনার মতামত দিন