জাতীয়

সোনারগাঁওয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু 

সোনারগাঁও নিউজ ১৭ অক্টোবর ২০২৬ , ২:৪৭ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শনিবার সকালে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু হয়েছে।
মরমী সাধক লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে।
ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ কারুমেলায় ১৫ জন কারুশিল্পী তাদের হাতের তৈরি কারুপন্য নিয়ে  অংশ নিয়েছেন।
শনিবার শুরু হওয়া মেলা চলবে আগামী ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
মেলায় ঐতিহ্যবাহী নকশিকাঁথা, কাঠের চিত্রিত হাতি, ঘোড়া ও পুতুল। দারুশিল্প, হাতপাখা, বেতশিল্প, মাটির গহনা, ঝিনুক শিল্প, শতরঞ্জি, মনিপুরী তাঁত শিল্প, কুমিল্লার খাদি শিল্প, একতারা শিল্প ও তাঁতবস্ত্র শিল্পসহ মোট ১৫জন কারুশিল্পী তাদের নিজস্ব তৈরি পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশ নিয়েছেন । ফাউন্ডেশনে আগত দর্শনার্থীরা মেলায় কারুপন্য তৈরি প্রক্রিয়া সরাসরি দেখার পাশাপাশি এখান থেকে পছন্দের কারুপন্য কিনে নিয়ে যেতে পারবেন।
লালন কারুমেলা প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে।
বাংলাদেশের  বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন, পুনরুজ্জীবন  ও কারুশিল্পীদের উন্নয়ন কল্পে এ মেলার আয়োজন করেছে বলে জানিয়েছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ ।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচয় ঘটানোর জন্য এ মেলার আয়োজন। একসময় বটমূল, নদীর তীর বা নিদিষ্ট স্থানে গ্রামীন জীবনের প্রতিচ্ছবি মেলায় ফুটে উঠানোর জন্য  মেলার আয়োজন করা হতো। এখন আর সেই মেলা দেখা যায় না। এ মেলার মাধ্যমে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বর্তমান প্রজন্ম চিনবে ও জানবে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছর মাস ব্যাপী মেলার পাশাপাশি বিভিন্ন দিবসে কারু পন্যের মেলার আয়োজন করে।