সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. কাউসার (৩০)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাড়িয়েছে। সোমবার সকাল সোয়া ছয়টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাউসারের শরীরের প্রায় ৫৯ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে একই ঘটনায় দগ্ধ শঙ্কর গোমেজ ও মো. আমির নামে দুই যুবক মারা যান।
ডা. শাওন আরও জানান, গত ১৩ মে বুধবার দুপুর পৌনে দুইটার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। দগ্ধের পরিমাণ কম হওয়ায় ছয়জনকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৩ মে বুধবার দুপুর ১ টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকায় ‘ জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’ এর ক্যান্টিনে গ্যাস সিলিন্ডারের লিকেজে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সময় কর্মীরা ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হলে সেখানে থাকা ১২ জন দগ্ধ হন। ৬ জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৬জনকে ছেড়ে দেয়া হয়। আশংকাজনক অবস্থায় ৬ জনের মধ্যে গত বৃহস্পতিবার দগ্ধ শংকর গোমেজ, শনিবার মো. আমির এবং গতকাল সোমবার মো. কাউসার নামে আরো ১ জন মারা যান।
আপনার মতামত দিন