অপরাধ

সোনারগাঁওয়ে বেসরকারি কোম্পানিতে ডাকাতি,  নগদ টাকাসহ কোটি টাকার মালপত্র লুট 

সোনারগাঁও নিউজ ২৮ অক্টোবর ২০২৬ , ৪:৫৮ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বেসরকারি কোম্পানিতে নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের মারধর করে হাত-পা বেঁধে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুটে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। নগদ ৩১ লাখ ৫ হাজার ৫শ’ টাকাসহ প্রায় এক কোটি ৩১ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
মঙ্গলবার দিবাগত রাত  দুইটার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকায় অবস্থিত কাশ্মির গ্রুপের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার সকালে  প্রতিষ্ঠানের ম্যানেজার মো. মারুফ হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন ।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার সাদীপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকায় অবস্থিত কাশ্মির গ্রুপের একটি প্রতিষ্ঠানে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পিস্তল, রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও লাঠিসোঁটাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় প্রতিষ্ঠানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী, ব্যবস্থাপক ও মেশিন অপারেটরদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে  একটি কক্ষে আটকে রাখে ডাকাত দল।
অভিযোগে আরও বলা হয়, ডাকাতরা প্রতিষ্ঠানের ক্যাশ সেকশনের দুটি সিন্দুকের তালা ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা লুট করে। এ ছাড়া প্রায় এক কোটি টাকা মূল্যের তামার তার, সিসি ক্যামেরার যন্ত্রাংশ, কম্পিউটার, স্মার্টফোনসহ বিভিন্ন মালামাল একটি পিকআপ ভ্যানে তুলে লুট করে নিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির ঘটনার সঙ্গে কোম্পানির লোকজন জড়িত থাকার যোগসাজশ থাকতে পারে।  ঘটনাটি তদন্ত হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।