নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :-
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রধান শিক্ষক ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া এলাকায় অবস্থিত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়।
বুধবার সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল করে তারা। এর আগে, মঙ্গলবার বিকেলে শিক্ষকের ওপর এ হামলার ঘটনা ঘটে।
এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং তাদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন।
একই সঙ্গে তারা শিক্ষকের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাদের আশ্বাসে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে পটপরিবর্তনের পর তৎকালীন প্রধান শিক্ষক মতিউর রহমানকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাজশে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ তোলা হয়। এরপর থেকেই দুই শিক্ষকের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়।
পরবর্তীতে তৎকালীন প্রধান শিক্ষক মতিউর রহমান উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত তার পক্ষে রায় দেন এবং তিনি পুনরায় বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন। এদিকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ওই রায়ের বিরুদ্ধে রিট আবেদন করেন। যা বর্তমানে আদালতে বিচারাধীন। ফলে দু’জনই নিজেদের প্রধান শিক্ষক দাবি করে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, মূলত দুই প্রধান শিক্ষকের দ্বন্দ্বে ইন্ধন দিচ্ছেন স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা। বিদ্যালয়ে আধিপত্য বিস্তারের জন্য তারা গ্রুপ তৈরি করেছেন। এ অবস্থা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, স্কুল শিক্ষকের ওপর হামলার ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করা সমীচীন নয়। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত দিন