প্রচ্ছদ

সোনারগাঁওয়ে নারী ভোটারদের সঙ্গে হাজী আশরাফ উদ্দিনের মতবিনিময় সভা

সোনারগাঁও নিউজ ১০ অক্টোবর ২০২৬ , ৫:০২ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিন নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। আশরাফ উদ্দিনকে নির্বাচিত করতে একাট্টা হয়েছেন ওই ইউনিয়নের প্রায় সহস্র নারী ভোটার ঐক্যবদ্ধ হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় হাইটেক পার্কের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১ হাজার নারী অংশগ্রহণ করেন। সভায় তাঁরা নিজেদের এলাকার নানা সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁও খালেক আঞ্জুমান ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ কামাল মোল্লা।
মতবিনিময় সভায় হাজী মোঃ আশরাফ উদ্দিন বলেন, আমি ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর এবং অসহায় মানুষের সহযোগিতা করার চেষ্টা করে আসছি। আমি মানুষের জন্য কিছু করতে চাই। আপনাদের সেবা করার উদ্দেশ্যেই চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি আপনাদের কাছ থেকে নিতে নয়, দিতে এসেছি।
তিনি বলেন, মোগরাপাড়া ইউনিয়নের মা-বোনদের বিভিন্ন সমস্যা রয়েছে। বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য তিনি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন ও চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দেন। ইউনিয়নের কোনো নারী বা পরিবারের সদস্য বিপদে কিংবা সমস্যায় পড়লে সহযোগিতার জন্য তাঁর দরজা সব সময় খোলা থাকবে বলেও জানান তিনি।
হাজী আশরাফ উদ্দিন বলেন, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কী করছে-সেদিকে খেয়াল রাখুন। বর্তমানে সমাজে যেভাবে মাদকের বিস্তার ঘটছে, তাতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সতর্ক থাকতে হবে। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে এবং মাদক থেকে দূরে রাখতে হবে।
তিনি আরও বলেন, একজন সচেতন মা শুধু নিজের সন্তানকেই সঠিক পথে পরিচালিত করতে পারেন না, বরং অন্য মায়েদেরও সচেতন করতে পারেন। তাই প্রত্যেক মাকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিবেশী ও আশপাশের পরিবারগুলোকেও সচেতন করার আহ্বান জানান তিনি।
নারীদের উদ্দেশে চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন কি না, সেটি আপনাদের সিদ্ধান্ত। তবে আপনাদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে আমি পাশে থাকতে চাই।
সভায় উপস্থিত নারীরা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত নারীদের অনেকে হাজী আশরাফ উদ্দিনকে চেয়ারম্যান পদে বিজয়ী করতে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন।