প্রচ্ছদ

কাঁচপুরে গ্যাসের লাইনের বিস্ফোরণের ঘটনার চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁও নিউজ ১৫ অক্টোবর ২০২৬ , ১১:০০ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ  :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে গ্যাসের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণে দগ্ধ হওয়া ৪ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা গেছেন দগ্ধ স্বামী শরীফ হোসেন (৩৪) ও স্ত্রী রোজিনা আক্তার (৩০)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার তাঁদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার সোনারগাঁও নিউজকে জানান, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর  বৃহস্পতিবার ভোর পৌনে ৪ টায় স্ত্রী রোজিনা ও  ভোর ৪ টায় স্বামী শরীফের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শরীফের শ্যালক রিয়াজ ৪০ শতাংশ এবং বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া ৭০ শতাংশ দগ্ধ হয়। তাদের অবস্থাও আশংকা জনক বলে জানান তিনি।

এর আগে গত শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় না সোনারগাঁওয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ইসলাম টাওয়ার নামে ৬ তলায় ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে গ্যাস লাইনের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী শরীফ হোসেন,  তার স্ত্রী রোজিনা আক্তার, শ্যালক রিয়াজ ও ওই বাড়ির বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া দগ্ধ হয়।