অপরাধ

সোনারগাঁওয়ে যুবলীগ নেতা হত্যাকান্ডে প্রধান আসামীসহ দুইজন গ্রেপ্তার

সোনারগাঁও নিউজ ৩ ফেব্রুয়ারী ২০২৪ , ৪:৫৭ পিএম প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক নজরুল ইসলাম ভূইয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী জাকির হোসেনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার রাতে র‌্যাব-১১ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গোপালগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে র‌্যাব ১১ এএসপি সনদ বড়–য়া স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মাঝের চর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. জাকির হোসেন ও একই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো. আরিফ হোসেন। তারা দুজনেই এ হত্যা মামলার এজহারনামীয় আসামী। এর আগে গত ২৮ জানুয়ারী রোববার সন্ধ্যায় মাঝের চর এলাকা থেকে রানা নামের আরো এক আসামীকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। গত ২৬ জানুয়ারী শুক্রবার রাতে নিহতের স্ত্রী আসমা আক্তার সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় জামপুর ইউনিয়নের মাঝের চর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের লাইনম্যান জাকির হোসেন, দাইয়ান ও রানা, আরিফসহ ৭জনের নাম উল্লেখসহ আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক ও চর নোয়াগাঁও গ্রামের শফেদ আলী ভূঁইয়ার ছেলে নজরুল ইসলাম ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় ব্যবসায়ের কাজে যাচ্ছিলেন। পথে জামপুর ইউনিয়নের মাঝের চর বাস স্ট্যান্ডে গাউছিয়া যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সায় উঠেন। দীর্ঘ সময় কোন যাত্রী না উঠার কারনে তিনি নেমে অন্য আরেকটি গাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করেন। এসময় সিএনজি অটোরিক্সা থেকে নেমে যাওয়ার সময় সিএনজি অটোরিক্সার লাইনম্যান জাকির হোসেন ও অটো চালকের সাথে তর্ক বিতর্ক ও ধ্বস্তাধস্তি হয়। এক পর্যায়ে লাইনম্যান জাকির ও দাইয়ানের হাতে থাকা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় জাকির ও দাইয়ানের সঙ্গে স্ট্যান্ডের অন্যান্য অটোচালকরা তাকে কিল ঘুষি দিয়ে মারধর করে। তাদের পিটুনিতে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়লে তাকে আড়াই হাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, যুবলীগ নেতা হত্যার ঘটনায় প্রধান আসামী জাকির হোসেনসহ দুইজনকে র‌্যাব-১১ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।