সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নজরুল বর্ষ ২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও দর্শন স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুগে যুগে অনেক মেধাবী কবির আগমন ঘটলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্থান কেউ নিতে পারবে না। নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির সাহিত্যকর্ম ও আদর্শ আরও ব্যাপকভাবে তুলে ধরতে শিক্ষক সমাজসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, আমাদের শৈশব ও স্কুল জীবন শুরু হয়েছে কবি নজরুলের কবিতা ও গান দিয়ে। শিক্ষকরা তাঁর গান শুনিয়ে আমাদের উৎসাহিত করতেন। আজও কোনো কবিতা আবৃত্তি করতে গেলে প্রথমেই তাঁর সৃষ্টির কথাই মনে পড়ে।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় শিল্পী ও ক্ষুদে শিক্ষার্থীরা জাতীয় কবির কালজয়ী গান ও কবিতা পরিবেশন করেন। হারমোনিয়াম, তবলা ও অন্যান্য বাদ্যযন্ত্রের সমবেত সুরে মুখরিত অডিটোরিয়ামের পরিবেশ দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
আপনার মতামত দিন