নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫০৬ বছরের পুরনো সুলতানী শাসনামলের অনন্য মুসলিম নিদর্শন গোয়ালদী হোসেন শাহী মসজিদ যথাযথ ভাবে সংরক্ষণের দাবীতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটি’।
শুক্রবার সকালে গোয়ালদী এলাকায় শাহী মসজিদের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়াক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব রবিউল হুসাইন, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংবাদিক খায়রুল আলম খোকন, এরশাদ হুসাইন অন্য, সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষিকা শামীমা নাসরিন, সংগঠক খাদিজা আক্তার, ইস্কান্দার আলী আলভী, মোমেন মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁওয়ে স্বাধীন সুলতানদের শাসনামলে ১৫১৯ খ্রিষ্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে গোয়ালদী শাহী মসজিদটি নিমার্ণ করা হয়। এ মসজিদটি প্রত্নতত্ব অধিদপ্তরের আওতাধীন থাকলেও মসজিদটির বিভিন্ন অংশ বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে মসজিদের দক্ষিণ-পশ্চিম কোনের স্তম্ভটি হেলে পরেছে। যে কোন সময় ধসে পরতে পারে। এছাড়া চার কোনার চারটি স্তম্ভের উপরের মাথার গোলাকার গম্বুজ ইতমধ্যে ধসে গেছে। এ ঐতিহাসিক মসজিদটি দ্রুত সংস্কার করে যথাযথ সংরক্ষণ ও রক্ষনাবেক্ষনের জন্য দাবী করা হয় মানববন্ধনে।
বক্তারা আরো বলেন, প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ের প্রবেশ মুখগুলোতে যদি সোনারগাঁও অঞ্চলের প্রতিটি প্রত্নতাত্বিক
নিদর্শনের সিটিজের চার্টার স্থাপন করা হয় তাহলে পর্যটকরা সহজেই এ স্থানগুলো পরিদর্শন করতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এ বিষয়ে উদ্যোগ গ্রহন করেন সেজন্য সংগঠনের পক্ষ থেকে জোড় দাবী জানানো হয়।
উল্লেখ্য সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম সেতু সংরক্ষণের জন্য এর আগে গত ৩১ জানুয়ারি সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটি একটি মানববন্ধন করে। পরে এ সেতু সংরক্ষণের জন্য গত ৬ মার্চ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁওয়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষনাবেক্ষনের দায়িত্বে থাকা কাসটোডিয়ান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আপনার মতামত দিন