বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অটোরিক্সা চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিক্সা ছিনতাই অভিযোগ উঠেছে ছিনতাইকারীদের বিরুদ্ধে। যাত্রীবেশে অটোরিক্সা ভাড়া নিয়ে চালককে এ হত্যাকান্ড ঘটিয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে রাস্তার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত অটোরিক্সা চালকের নাম রজ্জব আলী (৪৮)। সে উপজেলার পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের ছেলে সানাউল্লাহ জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে ৮টার দিকে ভাড়ায় চালিত অটোরিক্সা নিয়ে বের হন তার বাবা। পরে দুপুরে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় তার বাবাকে ছিনতাইকারীরা হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখেছে।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, তাদের সংসারে এক ছেলে দুই মেয়ে। তার স্বামী খুবই সহজ সরল প্রকৃতির মানুষ। অটোরিক্সা চালিয়ে তাদের পরিবারের ভরণ পোষণ করেন। তার স্বামীকে হত্যা করায় তার পরিবার পথে বসে গেছে। এ হত্যাকান্ডে জড়িতদের দ্রæত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. মহসীন সোনারগাঁও নিউজকে জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা যাত্রী বেশে ওঠে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত দিন