নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, এ দেশ আমার, আপনার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতেও আপনাদের পাশে ছিল, এখনো আছে। সনাতন ধর্মাবলম্বীরা আমার পরিবারের মতো; এবারের পূজায় তাদের সর্বোচ্চ নিরাপত্তায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।
বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনারগাঁও সার্কেল মো. মামুন সরকার, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. রাসেল আহমেদ, সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু , সহ সভাপতি আল মুজাহিদ মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো.শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, জেলা যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু, রুবেল হোসেন, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমিত রায়, যুবদল নেতা করিম রহমান প্রমুখ।
এমপি আরও বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ ‘ধর্ম যার যার, উৎসব সবার’। তাই সমাজ বা উৎসবে কোনো বৈষম্যের স্থান নেই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে শারদীয় দুর্গাপূজার আনন্দ উপভোগ করব।
সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।
সকলেই পূজার সময় মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারস্পরিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভা শেষে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলামের পক্ষ থেকে সোনারগাঁও উপজেলার ৩৮টি পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।