সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহাসিক বড় সরদার বাড়ি রক্ষা এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ফাউন্ডেশসের প্রধান গেটের সামনে সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন ও সুজন সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি পঅরন করা হয়। মানববন্ধনে সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসর সভাপতিত্বে সুজন সোনারগাঁও শাখার সধারন সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সংগঠনের সহ-সভাপতি কবি রহমান মুজিব,নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটির ও সুজন- সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েল, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আকতারী, সদস্য রোকেয়া আক্তার, সাংবাদিক গাজী মোবারক, এরশাদ হোসাইন অন্য প্রমুখ। এসময় স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক নেতারা উপস্থিত ছিলেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁওয়ের বড় সরদার বাড়ি দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাই এর সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়মের অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে সম্প্রতি ঐতিহাসিক স্থাপনাটিতে কোক ষ্টুডিও বাংলার শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টিও তদন্তের দাবি জানান তারা।

মানববন্ধনে সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন, সোনারগাঁও বাংলার ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রায় ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি জাতীয় প্রত্নসম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। অথচ কোক স্টুডিও বাংলা সিজন-৪-এর শুটিংয়ের জন্য স্থাপনাটি মাত্র ছয় লাখ টাকায় ভাড়া দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে—এমন তথ্য ও অভিযোগ তাদের কাছে এসেছে।
তিনি অভিযোগ করেন, চার দিন ধরে চলা শুটিংয়ে ভারী লাইটিং, জেনারেটর ও বিভিন্ন শুটিং সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। স্থাপনার দেয়ালে গজাল ও রড ব্যবহারের অভিযোগও রয়েছে। শুটিং শেষে বাড়িটির বিভিন্ন স্থানে দেয়াল ও স্থাপনার অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দৃশ্যমান ক্ষতির পাশাপাশি স্থাপনাটির কাঠামোগত কোনো ক্ষতি হয়েছে কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা প্রয়োজন।
কবি শাহেদ কায়েস আরো বলেন, শুটিংয়ের আগে স্থাপত্য বিশেষজ্ঞরা ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের স্থাপনাটির ভেতরে শুটিং না করার পরামর্শ দিয়েছিলেন। এরপরও শুটিং হয়ে থাকলে অনুমতি দেওয়ার প্রক্রিয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং নির্ধারিত শর্তগুলো তদন্তের আওতায় আনা উচিত। তিনি বলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালকের বিরুদ্ধে ওঠা অন্যান্য অনিয়মের অভিযোগও স্বাধীনভাবে তদন্ত করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মানববন্ধনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, বড় সরদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এমন স্থাপনায় বাণিজ্যিক শুটিংয়ের অনুমতি দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মাত্র ছয় লাখ টাকার বিনিময়ে ঐতিহাসিক স্থাপনা ব্যবহারের অনুমতি দেওয়া হয়ে থাকলে এর জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পরিচালকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ থাকা উচিত নয়। এজন্য স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান তিনি। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে শুধু অপসারণ নয়, আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা বড় সরদার বাড়ির ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ও প্রত্নতাত্ত্বিক মূল্যায়ন, কোক স্টুডিও বাংলার শুটিংয়ের অনুমতি দেওয়ার প্রক্রিয়া তদন্ত এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এদিকে এ বিষয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, শুটিং করার নীতিমালা আগেই ছিল, হয়েছে সেই আলোকেই আমরা এ শুটিংয়ের অনুমতি দিয়েছি। শুটিংয়ে আগেই কিছু ভাঙ্গা ছিল। ফাউন্ডেশনের গর্ভনিং বডির সিদ্ধান্ত ছিল ভাড়ার ভিত্তিতে কোক ষ্টুডিওকে পরিচালককে একতিয়ার দেয়া হয়েছে। তাকে বলা হয়েছে তিনি ভাড়া দেবে। রেজিলেশনে বলা হয়নি এ অনুমোদন মন্ত্রনালয়ে লাগবে। অতীতে ভাড়াগুলোই পরিচালকই দিয়েছে। সে আলোকে আমরা দিয়েছি। এখন আপাতত বড় ধরনের শুটিং এর অনুমোদন বন্ধ রাখা হয়েছে। তিনি আরো বলেন, যারা ভাড়া নিয়েছে তাদেরই তো দায়িত্ব এটা সুরক্ষা রাখার। এটা সুরক্ষা রাখার দরকার। আমরা এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করবো।
আপনার মতামত দিন