শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিসার শাহীনা ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব মো. মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেনসহ উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে আজহারুল ইসলাম মান্নান বলেন, এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমি নির্বাচন কমিশনের সকল বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, কোনো ধরনের শোডাউন, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।
এ সময় উপস্থিত বিএনপি নেতারা নির্বাচন কমিশনের সকল নির্দেশনা ও আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
আপনার মতামত দিন