শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন করেছেন সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। বুধবার সকালে কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রাচীন এ সেতুর সংস্কার কাজ পরিদর্শন করেন। এর আগে সেতুর সংস্কার ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করাসহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। গতকাল বুধবার দ্বিতীয় দফায় কমিটির পক্ষ থেকে সেতুর সংস্কার কাজ পরির্দশন করা হয়।
সংস্কার কাজ পরিদর্শনকালে সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন, ‘সোনারগাঁওয়ের ইতিহাস ও ঐতিহ্য অনেক সমুদ্ধ। সোনারগাঁওয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্ন সম্পদ। এগুলোকে সংরক্ষণ ও সংস্কার করা জরুরী। পাশাপাশি এ প্রত্ন সম্পদগুলোর ওপর গবেষণা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষন করা দরকার।
তিনি আরও বলেন, আমাদের কমিটিসহ যারা সোনারগাঁওয়ের প্রত্ন সম্পদ সংরক্ষণে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এছাড়া সরকারকে ধন্যবাদ জানাই দেরীতে হলেও এ সেতুটির সংস্কার কাজ শুরু করেছেন।’
পানাম সেতু পরিদর্শন দলে উপস্থিত ছিলেন, সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান, সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব, সাংবাদিক মিজানুর রহমান মামুন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উপদেষ্টা মতিউর রহমান, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষনা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান সামছুর রহমান, সাংবাদিক গাজী মোবারক, শেখ ফরিদ, এরশাদ হুসাইন অন্য, উদীচী শিল্প গোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সংগঠক রোকেয়া আক্তার, নজরুল ইসলাম সবুজ প্রমূখ।
আপনার মতামত দিন