নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের পশ্চিম দামোদরদী গ্রামে ৩শ টাকার নন রেজিস্ট্রার স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন মাদক ব্যবসায়ী মো.বিল্লাল হোসেন ।
শুক্রবার বিকেলে ওই গ্রামে মাদক বিরোধী সভায় এ মুচলেকা দেন। বিল্লাল হোসেন ওই গ্রামের আব্দুল সালামের ছেলে।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পশ্চিম দামোদরদী গ্রামে সম্প্রতি মাদক ব্যবসা ও সেবনকারীদের দৌরাত্ম বেড়ে যায়। এতে করে উঠতি বয়সের যুবকরা মাদকের দিকে ঝুঁকে পড়ে। ফলে ওই এলাকায় মাদকের টাকা জোগাড় করতে যুবকরা বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। বিষয়টি জানতে পেরে সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক মাদক বিরোধী সভার আয়োজন করেন। সেখানে ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে উপস্থিত করা হয়। সেখানে তাদের বিষয়ে প্রায় দু’ঘন্টা আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে তার ভুল বুঝতে পেরে তারা মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দেন।
মাদক বিরোধী সভায় বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইয়ামিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আল মুজাহিদ মল্লিক।
মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা পর বিল্লাল হোসেন বলেন, তিনি ভুল করেছেন। সমাজকে ভালো রাখার জন্য তিনি এ ব্যবসা ছেড়ে দিলেন। ভবিষ্যতে মাদক ব্যবসা করার মন মনষিকতা তৈরি হলে তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিবেন।
সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক বলেন, মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার বিষয়টি ভালো উদ্যোগ । পুলিশের নজরদারি বাড়িতে মাদক ব্যবসায়ীদের এ পেশা থেকে ফিরিয়ে আনতে পারলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
আপনার মতামত দিন