নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চারটি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস । অভিযানে কারখানাগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি একটি কারখানা এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার সোনাখালী, মল্লিপাড়া, পিরোজপুর ও প্রতাবনগর এলাকায় এ অভিযান চালায়।
অভিযানে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত প্রায় ৩৫০ ফুট পাইপ ও বার্নার জব্দ করে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।
তিতাস গ্যাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা ও ঢালাই কারখানা পরিচালনা করে আসছিল। এর ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। অভিযানে চারটি চুনা কারখানার আটটি ভাটা এবং একটি ঢালাই কারখানার দুটি ভাটার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ স্থাপনাটি এক্সক্যাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়।
তিনি আরও জানান, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানের সময় তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন