বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় এক সুতা ব্যবসায়ী মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুতা ব্যবসায়ীর নাম মো. নজরুল ইসলাম (৫২)। হামলাকারীরা নিহতের স্ত্রী শাহানূর বেগমকে শ্বাসরোধ ও পিটিয়ে আহত করে। আহত শাহানূর বেগম বর্তমানে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত নজরুল ইসলাম মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। ঘটনার পর পুলিশের উধ্বর্তন কর্মকর্তাসহ সোনারগাঁও থানার ওসি মো. গোলাম সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামের একজনকে আটক করেছে পুলিশ। উজ্জ্বল একই এলাকার আবুল হাসেমের ছেলে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নিহতের স্ত্রী শাহানূর বেগম জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে তাদের বাড়িতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ৫-৭ জনের সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিল্ডিংয়ে প্রবেশ করে। এক পর্যায়ে তাদের দুজনকে দুটি কক্ষে হাত পা বেধে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে। তারা চলে যাওয়ার সময় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে। এসময় নিহতের স্ত্রী শাহানূর বেগমের ডাক চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। পরে মসজিদের মাইকে ডাকাতির ঘটনা প্রচার করলে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে হাত পা বাধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি দাবি করেন, হামলাকারীরা সাড়ে ১২ টায় প্রবেশ করে রাত আড়াইটার দিকে ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে ঘর থেকে বের হয়ে যায়।
স্থানীয়রা জানায়, নিহত নজরুল ইসলাম তার স্ত্রী ও ছেলের স্ত্রীকে নিয়ে এ বাড়িতে থাকেন। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার পর ছেলের স্ত্রী তাদের সঙ্গে থাকেন।
সোনারগাঁও থানার ওসি মো. গোলাম সারোয়ার জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রহস্যে জনক। পুলিশ বিষয়ট্েিক নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। আশা করি দ্রুত রহস্য উদঘাটন হবে। আহত নারীর ভাষ্যমতে, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক সাঈদ বলেন, ঘটনার আদ্যোপান্ত নিয়ে তদন্ত করছে পুলিশ। বিষয়টি ডাকাতি নাকি অন্য কিছু খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত দিন