শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
দৈনিক সংবাদের সোনারগাঁও প্রতিনিধি মাহববুল ইসলাম সুমনের এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে শনিবার বেলা সাড়ে ১১ টায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচী পালন করেন।
সোনারগাঁও প্রেস ক্লাবসহ সকল সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাংবাদিক আবদুস সাত্তার প্রধান, হাসান মাহমুদ রিপন, আবু বকর সিদ্দিক, শাহাদাত হোসেন রতন, রবিউল হুসাইন, ফরিদ হোসেন, ইমরান হোসেন, কামরুজ্জামান রানা, শিশু কিশোর সংগঠন খেলাঘর সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, আনোয়ার হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সোনারগাঁ উপজেলার সদস্য সচিব মশিউর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধন কর্মসুচিতে সোনারগাঁও প্রেস ক্লাব, রিপোর্টাস ক্লাব, সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলা পিরোজপুরের জৈনপুর থেকে শুরু করে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) আওতায় হালকা যানবাহন চলাচলের জন্য নির্মাণ করা হয়। এ সড়ক দিয়ে একটি কোম্পানির ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল সৃষ্টি হয়। ফলে গত মে মাসে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। গত ২০ আগস্ট সিমেন্ট ভর্তি করে একটি ট্রাক কোম্পানিতে যাওয়ার সময় এলাকাবাসী বাধা দেয়। এসময় কোম্পানির ঠিকাদার আবু সাঈদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোটা নিয়ে গ্রামবাসীর ওপর হামলা করে ৭ জনকে আহত করে। এ ঘটনায় কোম্পানি ও গ্রামবাসীর পক্ষ থেকে পৃথক অভিযোগ দায়ের করা হয়। কোম্পানির অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত হলেও গ্রামবাসীর অভিযোগ আমলে নেয়নি। তবে ওই মামলায় সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের নাম ওই মামলায় জড়িয়ে দেওয়া হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তরা বলেন, অন্যায়ের প্রতিবাদ করার কারনে সাংবাদিক সুমনের বিরুদ্ধে এ মিথ্যা মামলা দায়ের করা হয়। পুলিশ উৎকোচের বিনিময়ে একটি কোম্পানির পক্ষে গিয়ে সঠিক তদন্ত ছাড়া সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ও উপ-পরিদর্শক(এসআই) হারুন মিয়া এ মিথ্যা মামলা গ্রহন করেন। দ্রুত এ মামলা থেকে সাংবাদিক সুমনের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে প্রমাণ পেয়ে মামলা গ্রহন করা হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে সুবিধা গ্রহনের বিষয়টি সত্য না।
আপনার মতামত দিন