রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ৩টায় পুলিশ নিহতদের ঝুলন্ত লাশ উদ্ধার করে। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নিহতরা হলেন সাব্বির হোসেন (২৩) ও তার স্ত্রী সিনথিয়া আক্তার। নিহত সাব্বির হোসেন পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের নূর মোহাম্মদের ছেলে সাব্বির হোসেনের সাথে বন্দর উপজেলার গোকুলদাসের বাগ আনন্দ নগর এলাকার নবীর হোসেনের মেয়ে ২০২১ সালে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের পর থেকে সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক কলহের জের ধরে শুক্রবার দিবাগত রাত একটার দিকে তারা আত্মহত্যা করে। খবর পেয়ে সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে তাদের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নিহতদের দাম্পত্য জীবনে তিন বছর বয়সী সাফরান হাসান নুর নামে পুত্র সন্তান রয়েছে।
নিহত সাব্বিরের বড় বোন নূপুর আক্তার সোনারগাঁও নিউজকে বলেন, শুক্রবার রাতে সাব্বির তার বাসায় গিয়েছিলেন। খাবার খেয়ে চলে আসেন। পরে আত্মহত্যার খবর শুনে তাদের বাসায় এসেছেন। তিনি আরও বলেন, গত ২০দিন আগে গ্রামের পঞ্চায়েত বসে তাদের দুজনের দ্বন্ধ নিরসন করেন। এরপর তাদের মধ্যে কোন সমস্যা ছিল না।
নিহত সিনথিয়া আক্তারের মা শাহের বানু জানান, রাতে তাদের মৃত্যুর খবর পেয়ে এখানে এসে রহস্যজনক মনে হয়েছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে কারণ উদঘাটন হবে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল হাসান খান সোনারগাঁও নিউজকে জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
আপনার মতামত দিন