Ripon Hasan
২৪ নভেম্বর ২০২২ , ৩:৫৭ পিএম
প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী গ্রামের পপি ও তার স্বামী আবু সিদ্দিকের সুদের ফাঁদে নিঃস্ব হতে চলেছে অনেকেই। সুদে আসলে সমস্ত টাকা পরিশোধ করার পরও অতিরিক্ত টাকা আদায় করতে প্রাণ নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা বেগম নামে এক ভুক্তভোগী সোনারগাঁও থানায় এক অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁও থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায় উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী গ্রামের কৃষক মোঃ হাসমত আলী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম তার প্রতিবেশি সুদি পপির কাছ থেকে ৪০ হাজার টাকা সুদে আনেন এবং দেড় বছরে সুদ আসলে ৮৫ হাজার পরিশোধ করেন। টাকা দেয়ার সময় তার গোয়ালের গরু বিক্রি করে কয়েক এলাকার কয়েক জনকে সামনে রেখে টাকা পরিশোধ করেন।
এদিকে সুদি পপির স্বামী আদম ব্যবসায়ি আবু সিদ্দিক সৌদি আরব থেকে দেশে এসেই ভুক্তভোগী আনোয়ারা বেগমের নিকট আরো এক লাখ বিশ হাজার টাকা দাবী করেন। এসময় ভুক্তভোগী বলেন সুদে আসলে সব হিসাব মিটিয়ে দিয়েছি পপি আমার নিকট আর কোনো সুদের টাকা পাওনা নাই। অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করলে পপি ও তার স্বামী আবু সিদ্দিক গত বুধবার দুপুরে আনোয়ারা বেগমের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং দাবিকৃত টাকা না দিলে তার স্বামী ও ছেলেকে রাস্তায় পেলে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনার পর থেকে ভুক্তভোগী আনোয়ারা ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন। বৃহস্পতিবার বিকালে আনোয়ারা বেগম বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁও থানার ওসি তদন্ত মোঃ আহসানউল্লাহ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত দিন