নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র ও আমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি মো. সাদেকুর রহমান ভূঁইয়া ( ৮৫ ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার বিকেল ৩ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত হয়ে জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, নাতি- নাতনী, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার রাত ৯ টায় সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গ্রামের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে গোয়ালদী সামাজিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।
মরহুম সাদেকুর রহমান ভূঁইয়া সাবেক আমিনপুর ইউনিয়ন পরিষদের টানা তিনবার চেয়ারম্যান,দুইবার সোনারগাঁও পৌরসভার মেয়র ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে সুনামের সহিত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সোনারগাঁওয়ে ১২৬ বছরের প্রাচীন বিদ্যাপীঠ সোনারগাঁও জি আর ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।
ব্যক্তিগত জীবনে সাদেকুর রহমান ভূঁইয়া ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও জনবান্ধব মানুষ। দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবনে তিনি সোনারগাঁও পৌরসভার উন্নয়ন ও জনকল্যাণে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। পৌর এলাকার রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং ধর্মীয় ও সামাজিক অবকাঠামো নির্মাণে তাঁর একক প্রচেষ্টায় কাজ করেছেন।
তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও পৌরসভার প্রশাসক আসিফ আল জিনাত, জামায়াতে ইসলামীর নেতা ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, ড. আসগর আলী, সোনারগাঁও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেনসহ সোনারগাঁও পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
আপনার মতামত দিন