নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের টয়লেটের পাইপ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে এ মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের টয়লেটের পাইপ ব্লক হয়ে গিয়ে পানি আটকে যেতে শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষ পাইপটি পরিস্কার করার জন্য শ্রমিক এনে স্টাফদের মাধ্যমে এর কাজ শুরু করার পর পাইপের ভেতর একটি নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি সোনারগাঁও থানা পুলিশকে অবহিত করে।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী জানান, সকালে হাসপাতালের ইমার্জেন্সিতে রোগীদের টয়লেট ব্লক হয়ে গেছে এমন খবর জানতে পেরে পাশে নির্মাণাধীন আরেকটি টয়লেটের পাইপ দিয়ে মেরামত করতে গেলে আমাদের স্টাফরা নবজাতকের মরদেহটি পাইপের ভেতর দেখতে পায়। হাসপাতালের ভেতর থেকে নাকি বাহির থেকে কেউ এসে পাইপের ভেতরে নবজাতকের মরদেহটি ফেলে গেছে তা আমরা নিশ্চিত নই। মরদেহটি দেখার সাথে সাথেই থানা পুলিশকে অবগত করলে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম জানান, হাসপাতালের টয়লেটের পাইপের ভেতর একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ পাওয়া গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাইপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে৷ বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত দিন