বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. হাবিবুল্লাহ শেখ ওরফে নাসিম (২৩)। তাঁর বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস) কাঁচপুরের ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার পাশে রাস্তায় পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত হাবিবুল্লাহ নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোশারফ হোসেনের ছেলে। নিহতের পরিবার জানিয়েছেন, গত মঙ্গলবার রাত থেকে হাবিবুল্লাহ নিখোঁজ ছিলেন।
সোনারগাঁও থানার তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন সোনারগাঁও নিউজকে বলেন, এশিয়ান হাইওয়ের ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তিনি জানান, উদ্ধার হওয়া ওই যুবকের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।
পুলিশ আরও জানায়, মরদেহের পকেট থেকে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে নিহতের ছোট বোন মিলি আক্তার মরদেহটি শনাক্ত করেন।
নিহতের ভাগিনা মো. সিফাত বলেন, হাবিবুল্লাহ নারায়ণগঞ্জ দেওভোগ এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। প্রায় দেড় বছর আগে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। মঙ্গলবার রাতে বাসার কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর সে আর বাড়ি ফেরেননি।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত দিন