নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচদিনব্যাপী জয়নুল জন্মোৎসব।
সোমবার সকালে ঢাকাস্থ শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধিতে ও ফাউন্ডেশনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে উদ্বোধনী দিনের কর্মসূচির সূচনা হয়।
পরে সোমবার বিকেলে ফাউন্ডেশনের লোকজ মঞ্চে জন্মোৎসবের আনুষ্টানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান ।
উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো: মহিববুল্লাহ। ফাউন্ডেশনের উপপরিচালক মো: সাখাওয়াত হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের গবেষণা অফিসার একেএম মুজ্জাম্মিল হক।
উদ্বোধনী দিনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বাংলাদেশের লোককারুশিল্প’ বিষয়ক এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি গ্রুপে (ক-গ্রুপ: ১ম-২য় শ্রেণি, খ-গ্রুপ: ৩য়-৫ম শ্রেণি এবং গ-গ্রুপ: ৬ষ্ঠ-৮ম শ্রেণি) বিভক্ত হয়ে শিক্ষার্থীরা তাদের রং-তুলিতে দেশের ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে কারুশিল্প মেলা। মেলায় জামদানি, শীতল পাটি, শতরঞ্জি, নকশিকাঁথা, বাঁশ-বেত শিল্প, কাঠের হাতি-ঘোড়া, ঐতিহ্যবাহী রিকশা চিত্র, হাতপাখা, শখের হাঁড়ি ও হস্তশিল্পসহ মোট ১৭টি মাধ্যমের স্টল স্থান পেয়েছে।
উৎসবের প্রতিদিন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ফাউন্ডেশন মঞ্চে দেশের প্রথিতযশা শিল্পী ও স্থানীয় দলগুলোর অংশগ্রহণে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
আপনার মতামত দিন