নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহাসিক পঙ্খিরাজ খাল পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী, লেখক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলার ঐতিহাসিক পানাম নগরীর পাশে পঙ্খিরাজ খাল তীরে এ মানববন্ধনের আয়োজন করে সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
মানববন্ধনে বক্তারা বলেন, একসময় প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ের গুরুত্বপূর্ণ নৌপথ ছিল পঙ্খিরাজ খাল। ঐতিহাসিক পানাম নগরীকে ঘিরে প্রবাহিত এ নদীপথ ব্যবহার করেই দেশ-বিদেশে বিখ্যাত মসলিন কাপড় রপ্তানি করা হতো। কালের পরিক্রমায় দখল ও ভরাটের কারণে খালটি এখন প্রায় বিলুপ্তির পথে।
বক্তারা দ্রুত খাল পুনঃখনন করে সংরক্ষণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে নদী, খাল ও জলাশয় দখলমুক্ত করার দাবিও জানান তারা।
তারা আরও বলেন, সোনারগাঁওয়ের বিভিন্ন খাল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করছে। এতে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সংগঠনটির আহ্বায়ক কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো. মতিউর রহমান, সোনারগাঁও পরিক্রমা’র প্রধান সম্পাদক আরিফুর রহমান, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, সাংবাদিক গাজী মোবারক, শেখ ফরিদ, এরশাদ হুসাইন অন্য সংগঠনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী ।
আপনার মতামত দিন